জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নেতৃবৃন্দকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে ছাত্রদলের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল।
মঙ্গলবার (৪ আগস্ট) রাতে রাজধানীর ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হামলায় আহতদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।
জামায়াত নেতা নূরুল ইসলাম বুলবুল বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ কাজ যাতে সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে হয় এবং দুর্নীতি-চাঁদাবাজি রোধ করা যায়—এমন যৌক্তিক দাবি জানাতে যাওয়া শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের সন্ত্রাসীরা এই হামলা চালায়। হামলায় শুধু ছাত্রশিবিরের নেতকর্মীরাই নন, বরং শিক্ষক, সাধারণ শিক্ষার্থী, জাকসু’র নির্বাচিত প্রতিনিধি এবং ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষও গুরুতর আহত হয়েছেন।
তিনি আরও অভিযোগ করেন, বর্তমান সরকারের ব্যর্থতা ঢাকতে এবং তেল, গ্যাস, বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে মানুষের দৃষ্টি ভিন্নখাতে ফেরাতে একই দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ঢাকা আলিয়া মাদ্রাসায় হামলা চালিয়েছে ছাত্রদল। তবে ইসলামী ছাত্রশিবির সক্ষমতা থাকা সত্ত্বেও ধৈর্য ধারণ করে পাল্টা হামলা চালায়নি বলে উল্লেখ করেন তিনি।
ভিডিও ফুটেজ দেখে হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে জামায়াত নেতা বলেন, দীর্ঘদিন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে একসঙ্গে থাকলেও বিএনপি ক্ষমতা পেয়ে এখন নব্য ফ্যাসিবাদ হয়ে উঠতে চাইছে।
এ সময় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপিসহ কেন্দ্রীয় ও মহানগরীর অন্যান্য নেতৃবৃন্দ হাসপাতালে উপস্থিত থেকে আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!