রাজধানী ঢাকাসহ দেশের অন্তত নয়টি অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে ঢাকায় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, ফলে গরম আগের তুলনায় কিছুটা কম অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে প্রকাশিত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, দুপুর পর্যন্ত ঢাকার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য, অর্থাৎ ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
আবহাওয়ার সংক্ষিপ্ত তথ্য:
তাপমাত্রা (আজ সকাল ৬টা): ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা: ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস
সর্বোচ্চ তাপমাত্রা (গতকাল): ৩৪.০ ডিগ্রি সেলসিয়াস
বাতাসের আর্দ্রতা: ৯৮ শতাংশ
বৃষ্টিপাত (গত ২৪ ঘণ্টায়): ২৭ মিলিমিটার
সূর্যাস্ত (আজ): সন্ধ্যা ৬:৪৩ মিনিট
সূর্যোদয় (আগামীকাল): ভোর ৫:২৭ মিনিট
নদীবন্দরে সতর্ক সংকেত
দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সারাদেশের পূর্বাভাস
অন্যদিকে, গতকাল রাতে প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!