সৌদি আরবে গত এক সপ্তাহে আইন অমান্য করার অভিযোগে প্রায় ১৫ হাজার অভিবাসীকে গ্রেফতার করেছে পুলিশ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১৬ থেকে ২২ জুলাই পর্যন্ত দেশজুড়ে অভিযান চালিয়ে মোট ১৪,৯৭০ জন আইন লঙ্ঘনকারীকে আটক করা হয়।

আটকদের অপরাধের ধরণ, আবাসন আইন লঙ্ঘন: ৭,৪৩৭ জন, সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘন: ৩,৯৯১ জন, শ্রম আইন লঙ্ঘন: ৩,৫৪২ জন, অবৈধ প্রবেশ: অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরব ঢোকার সময় আরও ১,৬২৬ জনকে আটক করা হয়েছে, যাদের বেশিরভাগই ইথিওপিয়া ও ইয়েমেনের নাগরিক। অবৈধ প্রস্থান: অবৈধভাবে দেশ ছাড়ার সময় ধরা পড়েছেন ৩৩ জন। সহযোগিতাকারী: আইন লঙ্ঘনকারীদের সাহায্য বা আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন ১৮ জন।

বর্তমানে ৩০ হাজারেরও বেশি অপরাধীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে এবং এর মধ্যে ১৩ হাজারেরও বেশি মানুষকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

অবৈধ অভিবাসীদের সাহায্য করলে ১৫ বছরের জেল এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার কঠোর হুঁশিয়ারি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। পাশাপাশি সাধারণ মানুষকেও এ ধরনের অপরাধ দেখলে পুলিশকে গোপনে খবর দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সূত্র: গালফ নিউজ