বিএনপির নির্বাচনি ইশতেহারের ৩১ দফা এবং জুলাই সনদ পর্যায়ক্রমে সরকার বাস্তবায়ন করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।
শনিবার (১৮ জুলাই) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং এই সম্মেলনের আয়োজন করে।
প্রেস সচিব বলেন, ‘বিগত সরকারের আমলে উন্নয়নের নামে অনেক গালগল্প হয়েছে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। বিশেষ করে ফ্যাসিবাদী শাসনামলে ধর্মীয়, সামাজিক ও পারিবারিক মূল্যবোধের মারাত্মক অবনতি হয়েছে। মানসিক ও পারিবারিক উন্নয়ন ছাড়া কোনো ক্ষেত্রেই টেকসই উন্নয়ন সম্ভব নয়।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী কোনো গালগল্প নয়, বরং কাজের মাধ্যমে দেশের গুণগত পরিবর্তনে কাজ করছেন। সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে তিনি মতাদর্শ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী কোনো ব্যক্তি বন্দনায় বিশ্বাসী নন এবং জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থেকে কাজ করছেন। জনসম্পৃক্ততা বাড়াতে তিনি নিয়মিত বিভিন্ন জেলা সফর করছেন।’
সালেহ শিবলী এবারের বাজেটকে সরকারের একটি বড় অর্জন হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘বাজেট পাস হওয়ার পর কোনো পণ্যের দাম বাড়েনি এবং জনজীবনে কোনো অস্থিরতা দেখা দেয়নি। এটি একটি জীবনবান্ধব বাজেট।’
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায়ে নির্বাচিত হওয়ার পর গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণ করে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।