প্রেমের টানে নদীতে ঝাঁপ দিতে গিয়েছিলেন যুগল, কিন্তু চূড়ান্ত মুহূর্তে সরে আসেন প্রেমিকা; ফলে ঝাঁপ দেওয়ার পর প্রেমিক আবিষ্কার করেন— তিনি একা। পরে স্থানীয় লোকজন ওই প্রেমিককে জীবিত অবস্থায় উদ্ধার করেন।
গতকাল ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের প্রয়াগরাজ শহরের যমুনা নদীতে ঘটেছে এ ঘটনা। প্রত্যক্ষ্যদর্শীরা জানিয়েছেন, নদীতে একসঙ্গে ঝাঁপ দিয়ে আত্মহত্যার জন্য সেতুতে এসেছিলেন ওই যুগল; কিন্তু প্রেমিক ঝাঁপ দেওয়ার পরমুহূর্তেই প্রেমিকা ওই সেতু থেকে সরে আসেন এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
প্রয়াগরাজ পুলিশসূত্রে জানা গেছে, ওই প্রেমিক তরুণের নাম আন্নু গুপ্তা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আন্নু ঝাঁপ দেওয়ার পর প্রায় তাৎক্ষণিকভাবে নদীতে থাকা লোকজন তাকে উদ্ধার করতে এগিয়ে আসেন এবং জীবিত অবস্থায় তাকে উদ্ধার করা সম্ভব হয়। তারপর প্রাথমিক চিকিৎসা ও অন্যান্য আনুষাঙ্গিক দাপ্তরিক কাজ শেষে আন্নুকে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে পুলিশ।
প্রয়াগরাজ পুলিশ জানিয়েছে, কোন পরিস্থিতি এই যুগলকে নদীতে ঝাঁপ দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য করল— তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া আন্নুর প্রেমিকা সেই তরুণীরও সন্ধান শুরু করেছে পুলিশ।
সূত্র: ইন্ডিয়া টুডে