আগামী ১৯ জুলাই বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। ফুটবলের এই ঐতিহাসিক লড়াইয়ে সব আলো এখন দুই তারকার ওপর—একদিকে ফুটবলের জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসি, অন্যদিকে বিশ্ব ফুটবলের বর্তমান বিস্ময় বালক লামিনে ইয়ামাল। তাদের এই মুখোমুখি লড়াইয়ের মাহাত্ম্য আরও বেড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সেই ঐতিহাসিক ছবিটির কারণে, যেখানে ২০০৭ সালে ছয় মাস বয়সী ইয়ামালকে কোলে নিয়ে হাসতে দেখা গিয়েছিল মেসিকে।

ফাইনালের ঠিক আগে মেসিকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে ইয়ামাল বলেন, “আমি এখন কিছুটা বড় হয়েছি, লিও’র বয়সও বেড়েছে। আশা করছি ফাইনালে তার মুখোমুখি হতে পারব। ফিনালিসিমা (ইউরো ও কোপা চ্যাম্পিয়নদের ম্যাচ) যেহেতু মাঠে গড়ায়নি, তাই এই ফাইনাল ম্যাচটি আমার জন্য অনেক বড় সুযোগ।”

২০০৭ সালে বার্সেলোনা ফাউন্ডেশনের একটি দাতব্য প্রচারণার অংশ হিসেবে ইউনিসেফের লটারির মাধ্যমে একটি ফটোশুটে মেসি ও ইয়ামালের পরিবার অংশ নিয়েছিল। তখন কেউই জানত না যে সেই ছবির তরুণটি একদিন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হবেন এবং তার কোলে থাকা শিশুটি ভবিষ্যতে বিশ্ব ফুটবলের নতুন তারকা হিসেবে আত্মপ্রকাশ করবে।

নিয়তির অদ্ভুত খেলায় দুই যুগের ব্যবধান পেরিয়ে তারা এখন আবারও একই মঞ্চে। তবে এবার কোনো ফটোশুট বা দাতব্য অনুষ্ঠান নয়, বরং ফুটবলের সর্বোচ্চ শিরোপা জয়ের লক্ষ্যে মুখোমুখি হতে যাচ্ছেন দুই প্রজন্মের এই দুই ফুটবল জাদুকর।