টানা ভারী বর্ষণ, পাহাড়ধস ও যোগাযোগ ব্যবস্থা ঝুঁকির মুখে পড়ায় এক সপ্তাহ বন্ধ থাকার পর রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ভ্যালিসহ সব পর্যটনকেন্দ্র আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আগের নিষেধাজ্ঞা সংশোধন করে পর্যটকদের জন্য সাজেক ভ্রমণের পথ উন্মুক্ত করা হয়েছে।
তবে আবহাওয়া পরিস্থিতির উন্নতির কথা উল্লেখ করলেও পর্যটকদের ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের জারি করা নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৭ জুলাই সন্ধ্যায় ভারী বর্ষণ ও পাহাড়ধসের ঝুঁকি বিবেচনা করে জেলা প্রশাসন সাজেকসহ বাঘাইছড়ির সব পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল। সেই নিষেধাজ্ঞার ফলে ওই সময় সাজেকে বেড়াতে আসা ৫৬১ জন পর্যটক আটকা পড়েন। পরবর্তীতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে গত ৯ ও ১০ জুলাই কয়েক দফায় তাদের নিরাপদে ফিরিয়ে আনা হয়।
বর্তমানে আবহাওয়া পরিস্থিতির উন্নতি এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হওয়ায় দীর্ঘ এক সপ্তাহ পর ফের পর্যটকদের পদচারণায় মুখর হতে চলেছে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি।