ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ভাঙা ব্রিজ এলাকায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় এবং রাতে ব্যানার ও লাঠিসোটা নিয়ে ৩৫ থেকে ৪০ জন নেতাকর্মী মহাসড়কের বিভিন্ন স্থানে এই ঝটিকা মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় বেশ কয়েকজন নেতাকর্মী পানিতে সাঁতরে অপর প্রান্তে পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেফতার ১৩ জন হলেন— সাগর মোল্লা, মোহাম্মদ আলী, রাজু আহম্মেদ, চালক ওলিল মিয়া, রাজীব সরকার, প্রদীপ কুন্ড, শহীদ হোসেন, রতন কুমার রাজবংশী, মোকসেদুর রহমান সোহাগ, হৃদয় হোসেন, জীবন সাহা, মোকাম্মেল হোসেন ও সজীব মিয়া। তাদের মধ্যে প্রথম ৪ জন সাভার বাসস্ট্যান্ডের রেন্ট-এ-কার চালক এবং বাকি ৯ জন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃতদের মধ্যে সাভার পৌর এলাকার নেতাকর্মীর সংখ্যাই বেশি। তারা স্থানীয় আওয়ামী লীগ নেতা রাজীব সমর ও আতিকের অনুসারী বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নুর মোহাম্মদ জানান, ঘটনাটির পর জড়িতদের শনাক্ত করে বুধবার সকালে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আজই আদালতে পাঠানো হবে।