টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে রাজধানীর দক্ষিণখান এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশন ব্যবস্থা অকেজো হয়ে পড়ায় রাস্তাঘাটসহ গুরুত্বপূর্ণ স্থাপনা তলিয়ে গেছে, যার ফলে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন।

সরেজমিনে দেখা যায়, দক্ষিণখান থানা এলাকা এবং স্থানীয় গণকবরস্থান হাঁটুসমান পানিতে তলিয়ে আছে। শুধু রাস্তাঘাটই নয়, আশপাশের বহু বাড়িঘর, দোকানপাট এবং একটি মসজিদেও পানি ঢুকে পড়েছে। পানি জমে থাকায় শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। অনেক এলাকায় যানবাহন চলাচলও বন্ধ হয়ে গেছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনের পুরনো ও সরু ড্রেনেজ ব্যবস্থা আবর্জনায় ভরাট হয়ে যাওয়ায় পানি নামতে পারছে না। স্থানীয়রা দীর্ঘদিন ধরে এ সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়ে এলেও সিটি করপোরেশন কার্যকর কোনো উদ্যোগ নেয়নি।

দক্ষিণখান গণকবরস্থানের দেখভালের দায়িত্বে থাকা মো. কালাম মিয়া জানান, জলাবদ্ধতার কারণে কবর খনন ও দাফন কার্যক্রমে মারাত্মক বিঘ্ন ঘটছে, যা মৃত ব্যক্তির স্বজনদের দুর্ভোগ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এছাড়া থানার সামনে পানি জমে থাকায় পুলিশি টহল ও জরুরি সেবা প্রদানেও বিলম্ব ঘটছে বলে সূত্র নিশ্চিত করেছে।

এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে জানা যায়, তিনি বর্তমানে দেশের বাইরে আছেন এবং আগামী ২০ জুলাই দেশে ফিরবেন। তবে জলাবদ্ধতার এই সংকটে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।