ঢালিউডের জনপ্রিয় ও লাস্যময়ী চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। নব্বইয়ের দশক থেকে আজ অবধি যার জনপ্রিয়তা অম্লান। সময়ের সাথে নিজেকে প্রতিনিয়ত ভেঙে গড়ে নতুনভাবে উপস্থাপন করে তিনি সবসময়ই আলোচনায় থাকেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও দারুণ সক্রিয় এই তারকা এবার ভক্তদের চমকে দিলেন তার শৈশবের একটি ছবি শেয়ার করে।
নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ছবিটি পোস্ট করে ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, ‘ছোটবেলায় ফিরে যেতে চায় মন।’
ছবিতে দেখা যায়, সাদা পোশাকে শিশু পূর্ণিমা মুখে স্নিগ্ধ হাসি নিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। গলায় লকেট ও হাতে চুরি পরা অবস্থায় তার শৈশবের সারল্য যেন ফুটে উঠেছে প্রতিটি ফ্রেমে। ছবিটি পোস্ট করার সাথে সাথেই নেটিজেনদের প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী।
একজন ভক্ত মন্তব্য করেছেন, ‘আপনি তো সবসময়ই একই রকম থাকেন, বড় হলেন কখন!’ আরেকজন লিখেছেন, ‘অনেকেই ছোটবেলায় সুন্দর থাকে, কিন্তু আপনি বড় হওয়ার পর যেন আরও বেশি সুন্দরী হয়েছেন।’
উল্লেখ্য, ১৯৯৭ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন পূর্ণিমা। সেই সময় তিনি নবম শ্রেণিতে পড়তেন। এরপর ‘মিস ডায়না’ ও ‘কাল্লু মামা’সহ অসংখ্য ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মনে স্থায়ী আসন করে নিয়েছেন।