কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১২ জুলাই) কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে পাঠানো এক শোকবার্তায় তিনি এ সমবেদনা জানান।
শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, শেখ হামাদ বিন খলিফা আল থানি ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক। তার প্রজ্ঞাপূর্ণ নেতৃত্বেই কাতার আজ একটি আধুনিক, সমৃদ্ধ ও আন্তর্জাতিকভাবে সম্মানিত রাষ্ট্রে পরিণত হয়েছে। আঞ্চলিক শান্তি, অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা ও আন্তর্জাতিক সহযোগিতায় মরহুমের অবদান বাংলাদেশ সরকার ও জনগণ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে কাতারের রাজপরিবার, সরকার এবং ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। শোকবার্তায় তিনি উল্লেখ করেন, কাতার ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, যা পারস্পরিক আস্থা ও অভিন্ন মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত।
সবশেষে, প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন এবং শোকসন্তপ্ত রাজপরিবারের সদস্যদের প্রতি ধৈর্য ও শক্তি কামনা করেন।