টানা কয়েকদিনের ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টির কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, যা অফিসগামী ও কর্মজীবী মানুষদের ভোগান্তিতে ফেলেছে। বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন জেলায়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই বৃষ্টি এখনই থামার সম্ভাবনা নেই।

সোমবার (১৩ জুলাই) আবহাওয়া অধিদপ্তর তাদের পূর্বাভাসে জানিয়েছে, আজও সারা দেশে দমকা হাওয়াসহ হালকা, মাঝারি ও কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে

রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সংশ্লিষ্ট অঞ্চলগুলোতে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই বৈরী আবহাওয়ার কারণে দেশের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এবং নৌযানগুলোকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।

টানা বৃষ্টিতে নদ-নদী ও নিম্নাঞ্চলে পানি বাড়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ পরিস্থিতিতে জনমনে বাড়ছে উদ্বেগ।