টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম। একই সঙ্গে ত্রাণ বিতরণ ও পানিবন্দি মানুষ উদ্ধারে সরকারকে আরও সক্রিয় হওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
রোববার (১২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, টানা অতিবৃষ্টি ও বন্যায় চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জে করুণ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। বন্যা ও পাহাড়ধসে কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। অসংখ্য মানুষ ঘরবাড়ি ও সহায়-সম্বল হারিয়ে দুর্বিষহ জীবন যাপন করছেন।
নেতারা হেফাজতে ইসলামের নেতাকর্মী, আলেম-ওলামা এবং দেশের সামর্থ্যবান মানুষের প্রতি পর্যাপ্ত ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পাশাপাশি, ত্রাণসহায়তা দ্রুত পৌঁছে দেওয়া এবং পানিবন্দি মানুষকে উদ্ধারে প্রয়োজনীয় লজিস্টিক ও উদ্ধার তৎপরতা জোরদার করতে সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
বিবৃতিতে আরও বলা হয়, প্রাকৃতিক দুর্যোগ মানুষের জন্য একটি কঠিন পরীক্ষা। এ সময় দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দায়িত্ব পালন করা সবার কর্তব্য। একই সঙ্গে দুর্যোগ থেকে মুক্তি ও আল্লাহর রহমত কামনায় বেশি বেশি ইস্তিগফার ও তওবা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান হেফাজতের নেতারা।