নাটোর শহরের আলাইপুরে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে চিকিৎসকের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে ব্যাপক ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসককে লাঞ্ছিত করেছেন ক্ষুব্ধ স্বজনরা।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, নাটোর সদর উপজেলার আগদিঘা পশ্চিমপাড়া গ্রামের রিকশাচালক বাবু হোসেনের স্ত্রী রুমি বেগমকে (২০) প্রসবজনিত কারণে রোববার (১২ জুলাই) সকাল ৭টার দিকে ওই কেন্দ্রে ভর্তি করা হয়। সকাল ৮টার দিকে তিনি এক পুত্রসন্তান প্রসব করেন। পরিবারের অভিযোগ, জন্মের কিছুক্ষণ পরেই নবজাতকটির মৃত্যু হয়।
স্বজনদের দাবি, প্রসবের সময় ও পরবর্তী মুহূর্তে শিশুটিকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। জন্মের পর শারীরিক অবস্থার অবনতি হলেও দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক বা নার্সরা দ্রুত কোনো ব্যবস্থা নেননি। গাফিলতির কারণেই শিশুটির মৃত্যু হয়েছে বলে তারা অভিযোগ করেন।
নবজাতকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনরা ক্ষিপ্ত হয়ে কেন্দ্রের জানালার কাঁচ ভাঙচুর করেন এবং কর্তব্যরত এক চিকিৎসকের ওপর চড়াও হন।
মা ও শিশু কল্যাণ কেন্দ্রের অতিরিক্ত দায়িত্বে থাকা আবাসিক চিকিৎসক ডা. মিজানুর রহমান জানান, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নাটোর জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক আনোয়ারুল আজিম বলেন, “তদন্ত করতে গিয়ে বিভাগের একজন কর্মকর্তা হামলার শিকার হয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।