চট্টগ্রামে চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। দুর্গম বন্যাকবলিত এলাকায় জরুরি ত্রাণ ও চিকিৎসাসেবা পৌঁছে দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।

শনিবার (১১ জুলাই) চট্টগ্রাম সেনানিবাসের তত্ত্বাবধানে এই সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, চট্টগ্রামের বোয়ালখালী, হাটহাজারী ও ফটিকছড়ির মতো দুর্গম এলাকাগুলোতে বন্যার্তদের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। এদিন প্রায় ৫০০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয় এবং প্রায় ১ হাজার রোগীকে জরুরি চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে। বন্যার কারণে বিচ্ছিন্ন হয়ে পড়া মানুষের কাছে দ্রুত এই সহায়তা পৌঁছে দিতে সেনাবাহিনীর কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও উজান থেকে নেমে আসা পানির কারণে চট্টগ্রামের বোয়ালখালী, হাটহাজারী, ফটিকছড়ি, রাউজান, রাঙ্গুনিয়া, সাতকানিয়া, বাঁশখালী ও চন্দনাইশসহ বিভিন্ন উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বন্যার পানির তোড়ে অনেক সড়ক ডুবে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে এবং হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে মানবিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। স্থানীয় প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করায় দুর্গত মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।