দেশের বিভিন্ন অঞ্চলে চলমান আকস্মিক বন্যা ও পাহাড়ধস পরিস্থিতিতে উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ এবং জনসচেতনতামূলক কার্যক্রমে সম্মুখসারিতে থেকে কাজ করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে দুর্গত মানুষের জীবন ও সম্পদ রক্ষায় নিরলসভাবে দায়িত্ব পালন করছেন বাহিনীর সদস্যরা।
শনিবার (১১ জুলাই) রাতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আশিকুজ্জামান জানান, দুর্যোগের এই কঠিন সময়ে বাহিনীর সদস্যরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে জনগণের পাশে দাঁড়িয়েছেন। কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, হবিগঞ্জ, খাগড়াছড়ি ও ঠাকুরগাঁওসহ বিভিন্ন দুর্যোগপ্রবণ জেলায় উদ্ধার ও সহায়তা কার্যক্রম চলছে।
বিশেষ করে কক্সবাজারের উখিয়া, সদর, পেকুয়া, চকরিয়া ও মহেশখালী এলাকায় পানিবন্দী মানুষকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর এবং ত্রাণ বিতরণে সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এছাড়া পাহাড়ধসের ফলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লে, গাছ ও মাটি অপসারণ করে যোগাযোগ ব্যবস্থা সচল রাখতেও তারা কাজ করছেন।
মোহাম্মদ আশিকুজ্জামান বলেন, “দেশের যেকোনো সংকটময় মুহূর্তে মানুষের জানমাল রক্ষায় আনসার ও ভিডিপি সদস্যরা সর্বোচ্চ নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।” দুর্যোগ মোকাবিলায় এই সমন্বিত তৎপরতা সাধারণ মানুষের মধ্যে বাহিনীর প্রতি আস্থা ও নির্ভরতা আরও সুদৃঢ় করেছে বলে তিনি উল্লেখ করেন।