ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জিহাদ (১৭) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১০ জুলাই) রাত ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের খাঁটিহাতা হাইওয়ে থানা সংলগ্ন ব্র্যাক অফিসের পূর্বপাশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত জিহাদ সরাইল সদর ইউনিয়নের কুট্টাপাড়া গ্রামের আজগর আলীর ছেলে এবং স্থানীয় একটি গ্যারেজে মোটর মেকানিক হিসেবে কাজ করতেন।
নিহতের পরিবার জানায়, শুক্রবার সন্ধ্যার পর জিহাদ তার বাবাকে আনতে বের হয়ে আর বাড়ি ফেরেননি। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায়ে খাঁটিহাতা হাইওয়ে থানা এলাকায় মহাসড়কের পাশে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দুর্বৃত্তরা তার বাম হাত ও বাম উরুতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। স্থানীয়দের সহায়তায় তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকের মতে, অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে।
নিহতের বাবা আজগর আলী জানান, জিহাদের ব্যবহৃত মোবাইল ফোনটি ঘটনাস্থলে পাওয়া যায়নি। তার ধারণা, মোবাইল ছিনতাইয়ের উদ্দেশ্যে কিংবা পূর্বপরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যা করা হয়েছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া জানান, হত্যাকাণ্ডের কারণ নিশ্চিত হতে পুলিশ গুরুত্বসহকারে তদন্ত করছে। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং আলামত জব্দ করা হয়েছে। ওসি বলেন, "এটি ছিনতাই নাকি অন্য কোনো কারণে হত্যাকাণ্ড, তা তদন্তের আগে নিশ্চিত হওয়া সম্ভব নয়। পুলিশের একাধিক টিম রহস্য উদঘাটনে কাজ করছে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।"
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।