চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারৈয়াঢালা রেঞ্জের আওতাধীন সব পাহাড়ি ঝরনায় পর্যটক প্রবেশে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে বারৈয়াঢালা রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টিপাতের কারণে পাহাড়ি এলাকায় পাহাড়ধস, আকস্মিক ঢল এবং ঝরনায় পানির প্রবল স্রোতের ঝুঁকি বেড়ে গেছে। দর্শনার্থীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে উপজেলা প্রশাসন ও বনবিভাগের পক্ষ থেকে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের আওতাধীন সব ঝরনায় পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞাকালীন কোনো অবস্থাতেই কোনো ধরনের টিকিট বিক্রি করা যাবে না। ইজারাদারদের এ বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়েছে এবং তাদের নোটিশ প্রদান করা হয়েছে।
বারৈয়াঢালা রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল আলম বলেন, ‘আমরা শুরুতে ৭ জুলাই থেকে তিন দিনের জন্য নিষেধাজ্ঞা দিয়েছিলাম। কিন্তু বর্তমান বৈরী আবহাওয়ার কোনো উন্নতি না হওয়ায় এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঝরনাগুলোতে পর্যটক প্রবেশ বন্ধ রাখা হবে। জননিরাপত্তার স্বার্থে আমরা ইজারাদারদেরও নির্দেশনা দিয়েছি যেন দর্শনার্থীদের কোনোভাবেই ঝরনায় প্রবেশ করতে দেওয়া না হয়।’
উল্লেখ্য যে, পাহাড়ি এলাকায় অতিবৃষ্টির সময় বড় ধরনের দুর্ঘটনা এড়াতে প্রতি বছরই বনবিভাগ ও প্রশাসন এ ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকে। পর্যটকদের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত মিরসরাইয়ের ঝরনা এলাকায় ভ্রমণ পরিকল্পনা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।