২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীতে চাকরিকালীন বঞ্চনা, অবিচার ও প্রতিহিংসার শিকার হয়ে অবসরে যাওয়া, অপসারণকৃত, অব্যাহতিপ্রাপ্ত বা বরখাস্ত হওয়া কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা ও সুপারিশ প্রদানের লক্ষ্যে ৭ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটিতে অভিজ্ঞ অবসরপ্রাপ্ত সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের রাখা হয়েছে, একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল (সেনাবাহিনী)। একজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল (সেনাবাহিনী), একজন অবসরপ্রাপ্ত রিয়ার এডমিরাল (নৌবাহিনী), একজন অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল (বিমান বাহিনী), একজন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব (প্রতিরক্ষা মন্ত্রণালয়) এবং একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল (সশস্ত্র বাহিনী বিভাগ)। একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল (সেনাবাহিনী)।
সংশ্লিষ্ট বাহিনীর সদর দপ্তরে জমা পড়া আবেদন এবং পূর্বে গঠিত কমিটির কাছে থাকা আবেদনগুলো যাচাই-বাছাই করবে এই কমিটি। যারা আগে আবেদন করেননি, তারা আগামী ১০ আগস্টের মধ্যে নতুন করে আবেদন করতে পারবেন। কমিটি আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ এবং নথিপত্র ও মানবিক বিষয়গুলো বিবেচনা করে সমাধানের জন্য গ্রহণযোগ্য সুপারিশ তৈরি করবে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সংঘটিত ঘটনাগুলোর ওপর ভিত্তি করে আবেদনগুলো যাচাই করা হবে। কমিটির সভাপতি প্রয়োজনে নতুন সদস্য কো-অপ্ট করতে পারবেন। কমিটিকে আগামী ১ ডিসেম্বরের মধ্যে প্রতিরক্ষা মন্ত্রীর কাছে চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আগামী ২০ জুলাইয়ের মধ্যে কমিটির সভাপতি ও সদস্যদের নামের তালিকা সেনাসদরে পাঠাতে বলা হয়েছে।