রাজধানীর মোহাম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় ঢাকা উদ্যান শপিং কমপ্লেক্সের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই ভবনের দারোয়ান আমির হোসেন (৫৫) ও ইলেকট্রিশিয়ান দেলোয়ার হোসেন (৫০)।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) রকিবুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাতটার দিকে শপিং কমপ্লেক্সের নিচতলায় ইলেকট্রিকের কাজ করছিলেন দেলোয়ার হোসেন। এসময় তাকে সহায়তা করছিলেন দারোয়ান আমির হোসেন। ওয়ারিংয়ের কাজ করার সময় অসাবধানতাবশত তারা বিদ্যুৎস্পৃষ্ট হন এবং অচেতন হয়ে আন্ডারগ্রাউন্ডে পড়ে যান। পরে এক রাজমিস্ত্রি তাদের দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

রাত আটটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত দেলোয়ার হোসেন বরিশাল জেলার গৌরনদী উপজেলার হাসনাবাদ এলাকার মৃত আব্দুল বেপারীর ছেলে এবং আমির হোসেন বগুড়া জেলার শিবগঞ্জ থানার মৃত মো. আলীর ছেলে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।