গাজীপুরের টঙ্গীর দাঁড়াইল এলাকায় জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে একটি সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনায় টঙ্গী পশ্চিম থানা তাঁতীদলের সদস্য সচিব মনোয়ার হোসেন খোকনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ জুলাই) ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অপর দুজন হলেন খোকনের ছেলে আশরাফুল ইসলাম অন্তর এবং হোসেন বাদশা।
ভুক্তভোগী নির্মোহন মন্ডল জানান, তাদের পরিবার দীর্ঘদিন ধরে প্রায় ৪০ শতাংশ জমি ভোগদখল করে আসছেন। ওই জমির ১৬ শতাংশ একটি জাল দলিলের মাধ্যমে বিক্রি করা হয়েছে—এমন অভিযোগে তারা আদালতে মামলা দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন। মামলা করার পর থেকেই মনোয়ার হোসেন খোকন ও তার সহযোগীরা জমি ছেড়ে দেওয়ার জন্য পরিবারটিকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন।
ভুক্তভোগীর অভিযোগ, সোমবার রাত ৮টার দিকে খোকনের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা গ্রাইন্ডিং ও ড্রিল মেশিন ব্যবহার করে বাড়ির প্রধান গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং পরিবারের সদস্যদের মারধর করে। এ ঘটনায় নির্মোহন মন্ডল, তার স্ত্রী বৃষ্টি মন্ডল, ছেলে বিজয় মন্ডল ও ভাতিজি চায়নাসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। রাতেই অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়। পরবর্তীতে তদন্তে তিনজনের সম্পৃক্ততা না পাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয় এবং ঘটনার সঙ্গে জড়িত খোকন, অন্তর ও বাদশার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, “সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।”