নাটোরের সিংড়া উপজেলার ৫ নং চামারী ইউনিয়ন পরিষদে দীর্ঘ ২৯ বছর সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন শেষে অবসরে গেলেন হতদরিদ্র গ্রাম পুলিশ সদস্য মোঃ আজগর আলী (৫৯)।
রোববার (৫ জুলাই) বিকাল ৩টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এক আবেগঘন সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আজগর আলী ২৯ বছর ধরে অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। চাকরি জীবন শেষ হলেও আমরা প্রশাসনের পক্ষ থেকে তার পাশে আছি। ভবিষ্যতে তার যেকোনো সমস্যায় আমরা সাধ্যমতো সহযোগিতা করব।”
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান স্বপন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বাবর আলীর সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আশরাফুল সরদার, ইউপি সদস্যবৃন্দ ও পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা।
বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত আজগর আলী বলেন, “আমার কোনো জমিজমা বা ভিটেমাটি নেই। ২৯ বছর ইউনিয়ন পরিষদেই জীবন কাটিয়েছি। সামান্য বেতনে সংসার চালাতেই হিমশিম খেয়েছি। এখন চাকরি শেষে মাথা গোঁজার ঠাঁই নিয়ে খুব দুশ্চিন্তায় আছি।” আজগর আলী জানান, পরিবারের সহায়তার অভাবে এবং অসহায়ত্বের কারণে বর্তমানে পরিষদের চেয়ারম্যান ও স্টাফদের সহযোগিতায় সরকারি জায়গায় টিনের একটি ছাপরা ঘরে কোনোমতে মাথা গুঁজে আছেন।
আজগর আলীর সততা ও কর্মস্পৃহাকে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানে পরিষদের পক্ষ থেকে তাকে ফুল, ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান স্বপন মোল্লাও তাকে ভবিষ্যতেও ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিকভাবে পাশে থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠান শেষে আজগর আলীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দীর্ঘ ২৯ বছরের কর্মময় জীবনে ইউনিয়ন পরিষদের সম্পদ রক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষায় তার অবদান চামারীবাসী কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।