পূর্বাচল নতুন শহর প্রকল্পকে দ্রুত সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ ও বাসযোগ্য নগরী হিসেবে রূপান্তর করতে রাজউকের নগরায়ণ কার্যক্রমে গতি আনার উদ্যোগ নেওয়া হয়েছে। 

বুধবার (১ জুলাই) রাজউক সভাকক্ষে পূর্বাচল নতুন শহর প্রকল্পের নগরায়ণ ত্বরান্বিতকরণ বিষয়ক এক মতবিনিময় সভায় এই পরিকল্পনার কথা জানানো হয়।

রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরসহ প্রকল্প সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় পূর্বাচলে বরাদ্দপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের প্লট গ্রহীতারা অবকাঠামোগত সুবিধা এবং ইউটিলিটি সংযোগ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী পূর্বাচলকে একটি আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলা হচ্ছে। তিনি বলেন, 'শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালগুলো দ্রুত স্থাপিত হলে প্রকল্পের আকর্ষণ বাড়বে এবং জনবসতি গড়ে উঠবে।' 

প্রতিমন্ত্রী এ সময় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দ্রুত নিজ নিজ স্থাপনার নির্মাণকাজ শুরু করার জন্য প্লট গ্রহীতাদের প্রতি আহ্বান জানান।

সভায় রাজউক চেয়ারম্যান পূর্বাচলকে একটি আদর্শ নগরী হিসেবে গড়ে তোলার লক্ষে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে মন্ত্রণালয় ও রাজউক থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।