ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শিক্ষা কারিকুলামকে আধুনিকায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রযুক্তিগত বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সিকিউরিটি, কোয়ান্টাম কম্পিউটিং ও ন্যানোটেকনোলজির মতো বিষয়গুলো পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাকে কেবল সার্টিফিকেটনির্ভর না রেখে প্রায়োগিক ও কর্মদক্ষতা বৃদ্ধির দিকে নজর দিতে হবে। বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা জোরদারের পাশাপাশি গবেষণার সংস্কৃতি গড়ে তোলার ওপর তিনি জোর দেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমে পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি তরুণ প্রজন্মকে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ভূমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।