২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে পাশ হওয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর সফলভাবে সম্পন্ন হওয়ার আনন্দ উদযাপনে রাজধানীতে শুভেচ্ছা মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে এই কর্মসূচি পালন করা হয়। মিছিলটি নটরডেম কলেজ এলাকা থেকে শুরু হয়ে আরামবাগ, ফকিরাপুল মোড় ও নাইটিংগেল মোড় প্রদক্ষিণ করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এএ জহির উদ্দিন তুহিন বলেন, “ঘোষিত ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট দেশের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও গতিশীল ও বেগবান করবে। আমাদের বিশ্বাস, এই বাজেট এবং প্রধানমন্ত্রীর দূরদর্শী বিদেশ সফর দেশের অর্থনীতিতে নতুন দিগন্তের উন্মোচন করবে।”

মিছিল ও সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারসহ মহানগর দক্ষিণের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে অন্যদের মধ্যে অংশ নেন, সিনিয়র সহ-সভাপতি এসএম সায়েম, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও মনির হোসেন মৃধা, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন রিন্টু, কাজী মহিউদ্দিন মহি ও হাসান আলী এবং দপ্তর সম্পাদক মো. সাইফুল ইসলাম পলাশ। ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জয়দেব জয় এবং স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতু, কাজী মোকতার হোসেন, শহিদুল ইসলাম সোহেলসহ অন্যান্য যুগ্ম সম্পাদক ও নেতৃবৃন্দ।

এছাড়া মহানগর দক্ষিণের বিভিন্ন সম্পাদকমণ্ডলীর সদস্য, সহ-সম্পাদক এবং আওতাধীন বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক ব্যানার ও ফেস্টুন হাতে এই শুভেচ্ছা মিছিলে অংশগ্রহণ করেন।