পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জুলাই অভ্যুত্থানে শাহাদাতবরণকারী ৮৫৬ জন শহীদের স্মরণে ৮৫৬টি বৃক্ষের চারা বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

রোববার (২৮ জুন) বেলা সাড়ে ১১টায় রাজধানীর দনিয়া কলেজ প্রাঙ্গণে ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত এক অনুষ্ঠানে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম। কর্মসূচির অংশ হিসেবে কলেজের শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির চারা বিতরণ করা হয়।

শিবির সভাপতি নুরুল ইসলাম বলেন, "নিজেদের অস্তিত্ব ও ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখতে পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে। কার্বন নিঃসরণ কমানো এবং বৃক্ষরোপণের মাধ্যমে অক্সিজেনের উৎপাদন বৃদ্ধি এখন সময়ের দাবি।" তিনি উল্লেখ করেন, ছাত্রশিবির প্রতি বছর দেশব্যাপী লক্ষাধিক বৃক্ষ রোপণ ও বিতরণের কর্মসূচি পালন করে। জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে নেওয়া এই উদ্যোগ কেবল প্রতীকী নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি ও সামাজিক আন্দোলন গড়ে তোলার একটি প্রয়াস।

তিনি আরও বলেন, "জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারি বনায়ন প্রকল্পের জন্য বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। সরকার, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে পরিবেশ সংরক্ষণে সম্মিলিতভাবে কাজ করতে হবে।"

ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাফেজ দেলোয়ার হোসাইন বলেন, "জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ আমাদের জন্য প্রেরণার উৎস। তাদের স্মৃতিকে ধারণ করেই আমরা একটি সবুজ, বাসযোগ্য ও মানবিক বাংলাদেশ গঠনে কাজ করছি।" তিনি শিক্ষার্থীদের অন্তত একটি করে গাছ লাগানো ও নিয়মিত পরিচর্যার আহ্বান জানান।

অনুষ্ঠানে ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি হাফেজ আনোয়ার হোসাইন, অর্থ সম্পাদক ওমর ফারুক ফাহিম, অফিস সম্পাদক শফিকুল ইসলাম সাইফুলসহ মহানগর ও দনিয়া কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।