রাজধানীর কড়াইল বস্তিসহ দেশের ৫৮টি এলাকায় নিম্ন আয়ের মানুষের জন্য এক লাখ সাশ্রয়ী ফ্ল্যাট নির্মাণের মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। রোববার (২৮ জুন) জাতীয় সংসদে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের এ তথ্য নিশ্চিত করেন।

সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ড্যাপ (Detail Area Plan) অনুযায়ী এসব স্থান চিহ্নিত করা হয়েছে। তিনি জানান, গাজীপুরের টঙ্গীর দত্তপাড়ায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ৯৮ একর জমিসহ দেশের বিভিন্ন সিটি করপোরেশন ও পৌর এলাকার ৩৭টি বস্তিতে এই আবাসন প্রকল্প বাস্তবায়ন করা হবে। এছাড়া রাজশাহী, খুলনা ও চট্টগ্রামে ভাড়াভিত্তিক সাশ্রয়ী আবাসন নির্মাণের পরিকল্পনাও সরকারের রয়েছে।

একই অধিবেশনে সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন জানান, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অনিয়ম দূর করতে প্রকৃত দুস্থদের তালিকা তৈরি ও ডাটাবেজ যাচাই-বাছাইয়ের জন্য একটি কমিটি কাজ করছে।

প্রবীণ ও অসহায়দের ভাতা বৃদ্ধির বিষয়ে তিনি জানান, আগামী ২০২৬-২৭ অর্থবছরে মাসিক বয়স্ক ভাতা ৬৫০ টাকা থেকে বাড়িয়ে ৭০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। একইসাথে বিধবা ও স্বামী নিগৃহীতা নারীদের ভাতা ৭০০ টাকা এবং প্রতিবন্ধী ভাতা ৯০০ টাকা থেকে বাড়িয়ে ১০০০ টাকা করার পরিকল্পনা রয়েছে।

দেশের জ্বালানি খাতে এক যুগান্তকারী খবরের কথা জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বর্তমানে কমিশনিং ও স্টার্ট-আপ পর্যায়ে রয়েছে।

মন্ত্রী আরও বলেন, “চলতি আগস্ট মাসের শেষ নাগাদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে প্রথমবারের মতো জাতীয় গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।” এটি দেশের জ্বালানি নিরাপত্তা ও পরিচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে একটি নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হবে।