বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরীক্ষায় A+ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জুন) বিকেলে ঢাকার ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের হরিদাসপুর আমান উল্লাহ মাদরাসা ও এতিমখানার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মাহমুদুর রহমান চৌধুরী (খুকন)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ও জেলা প্রশাসক (অ্যাডমিন) ইয়াসিন ফেরদৌস মুরাদ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যে ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
হরিদাসপুর যুব কল্যাণ সংঘের সভাপতি মো. নূরে আলম সিদ্দিকী কাজল এবং মাদরাসার সেক্রেটারি আবুল কাশেমের সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই থানা যুবদলের সভাপতি মো. দেওয়ান লুকমান হোসেন, ঢাকা জেলা যুবদলের সাবেক ক্রীড়া সম্পাদক মো. খলিলুর রহমান, কুশুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইবাদুল হক জাহিদ, সমাজসেবক মো. মশিউর রহমান এবং কুশুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি ও মেম্বার পদপ্রার্থী মো. সাদিকুর রহমান।
অনুষ্ঠান শেষে বেফাক পরীক্ষায় A+ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী এবং ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।