📅 বাংলা: ১৬ জুন ২০২৬ - মঙ্গলবার
📅 ইংরেজি: 16 June 2026 - Tuesday
📅 আরবি: ০১ মুহাররম ১৪৪৮ হিজরি
ঢাকায় ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক
লেখক: দৈনিক প্রথম বেলা (রিপোর্ট)
ঢাকাস্থ ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহান আবাদির সঙ্গে গণঅধিকার পরিষদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ জুন) বেলা ১১টায় ঢাকাস্থ ইরান দূতাবাসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষ দুই দেশের জনগণের কল্যাণে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
গুরুত্বপূর্ণ এই কূটনৈতিক বৈঠকে ইরানের রাষ্ট্রদূতসহ দেশটির তিন সদস্যের প্রতিনিধি উপস্থিত ছিলেন। অন্যদিকে, গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধি দলে ছিলেন: ফারুক হাসান (সহ-সভাপতি ও মুখপাত্র, গণঅধিকার পরিষদ), আবু হানিফ (উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক), আরিফুর রহমান (সহ-সভাপতি), নাজমুল হাসান (সভাপতি, ছাত্র অধিকার পরিষদ), আব্দুর রহমান (সভাপতি, শ্রমিক অধিকার পরিষদ), আরিফ মাহমুদ (সাংগঠনিক সম্পাদক, পেশাজীবী অধিকার পরিষদ)।
বৈঠকের শুরুতে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে সম্প্রতি যুদ্ধে ইরানের যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানানো হয়।
এ ছাড়া, ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে যুদ্ধবিরতি ও দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক চুক্তি হতে যাচ্ছে, গণঅধিকার পরিষদের পক্ষ থেকে সেটিকে স্বাগত জানানো হয়। পরিষদের নেতারা আশা প্রকাশ করেন যে, শান্তি, স্থিতিশীলতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিশ্বে একটি আরও নিরাপদ এবং সমৃদ্ধ পরিবেশ প্রতিষ্ঠিত হবে।
বৈঠকে বাংলাদেশ ও ইরানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ছাড়াও বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি ও গবেষণা, সংস্কৃতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন সমসাময়িক ভূ-রাজনীতি নিয়ে উভয় পক্ষ নিজেদের মধ্যে মতবিনিময় করেন।
বৈঠক শেষে দুই পক্ষই ভবিষ্যতে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বৃদ্ধি করার জোরালো প্রত্যাশা ব্যক্ত করেন।