কক্সবাজারের বিভিন্ন স্থানে সাধারণ পথচারী ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি, শুকনা খাবার, দুপুরের খাবার এবং খেলাধুলার সামগ্রী বিতরণ করেছে ‘আলোকিত গাজীপুর’ নামের একটি মানবিক সংগঠন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিনব্যাপী এসব মানবিক কার্যক্রম পরিচালিত হয়।

মঙ্গলবার দুপুরে কক্সবাজারের ডলফিন মোড়ে চলাচলকারী সাধারণ পথচারীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও শুকনা খাবার বিতরণ করা হয়। এর পরপরই সংগঠনটির নেতৃবৃন্দ কক্সবাজার পূর্ব কলাতলী আদর্শ শিক্ষা নিকেতন দাখিল মাদ্রাসায় যান। সেখানে শিক্ষার্থীদের জন্য আনন্দঘন পরিবেশে দুপুরের খাবারের আয়োজন করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে এবং বিনোদনের সুযোগ বাড়াতে তাদের হাতে বিভিন্ন খেলাধুলার সামগ্রী তুলে দেওয়া হয়।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ‘আলোকিত গাজীপুর’ মানবিক সংগঠনের সভাপতি মোস্তাকিম খান, উপদেষ্টা মাসুম রানা, সহ-সভাপতি নুরুজ্জামান শেখসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সংগঠনটির নেতৃবৃন্দ জানান, সমাজ ও মানুষের কল্যাণে এবং মানবিক মূল্যবোধের দায়বদ্ধতা থেকে তাদের এই ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।