পাঁচ মাসের ব্যবধানে নতুন গান নিয়ে হাজির ব্যান্ড ‘শিরোনামহীন’। গতকাল রাতে প্রকাশিত হয়েছে তাদের নতুন গান ‘যুদ্ধ’। নামে যুদ্ধ হলেও গানটি মূলত শান্তির আহ্বানে তৈরি করেছে দলটি। বিশ্বজুড়ে যে হানাহানি লেগে আছে, সেসবের অবসান ঘটে যেন পৃথিবীটা শান্তির হয়, সেটাই গানে গানে প্রত্যাশা করেছেন তারা।

এদিকে ‘যুদ্ধ’ গানটি নিয়ে দর্শক-শ্রোতার মনে তৈরি হয়েছে কিছুটা বিভ্রান্তি। গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির সাহায্যে। ফলে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাবছেন, পুরো গানই বুঝি এআই নির্মিত!

তবে শ্রোতাদের এই বিভ্রান্তি একদমই দূর করে দিয়েছেন ‘শিরোনামহীন’-এর প্রধান কর্ণধার জিয়াউর রহমান জিয়া। তিনি স্পষ্ট করে বলেন:

"আপনারা কি মনে করেন, অডিও-বিষয়ক কোনো ক্ষেত্রে বা লিরিক নির্মাণে ‘শিরোনামহীন’-এর এআইয়ের ওপর নির্ভর করার প্রয়োজন আছে? আমাদের গান তৈরি, রেকর্ডিং, লিরিক, কম্পোজিশন, প্লেয়িং, ভয়েস—অডিও সেক্টরের কোনো কাজে এআই ব্যবহারের প্রশ্নই আসে না। এর প্রধান কারণ, এআইয়ের লিমিটেশন। ‘শিরোনামহীন’ এ যাবতকালের ইতিহাসে ব্যান্ডের বাইরে থেকে কোনো ক্রিয়েটিভ ইনপুট নেয়নি এবং পারফর্ম্যান্স নেবার তো প্রশ্নই আসে না। সেখানে এআই থেকে কেন নেবে? অনেকেই কমেন্ট করেছেন, এআই দিয়ে গান শিরোনামহীনের কাছে আশা করেননি। বিষয়টা দেখে হতবাক হয়েছি! এআই দিয়ে গান শিরোনামহীন করবে কেন? বা আপনি এমনটা আশা করবেন কেন?"

এদিকে ‘যুদ্ধ’ গানটি নিয়ে ব্যান্ডটির ভোকাল শেখ ইশতিয়াক বলেন, "২০২৫ সালে বিশ্বজুড়ে যুদ্ধ, সংঘাত, সহিংসতায় প্রায় ২ লাখ ৪৫ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এটি বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী ও সংঘাতপূর্ণ বছরগুলোর একটি। আমরা যুদ্ধ নয়, শান্তি চাই। তাই এই গান।"

জানা গেছে, ‘যুদ্ধ’ গানের কথা লিখেছেন জিয়াউর রহমান জিয়া। তার সঙ্গে যৌথভাবে গানটির কম্পোজিশন করেছেন কাজী আহমাদ শাফিন। আর গানটির আলোচিত এআই ভিডিওটি তৈরি করেছে হাইপার কাটস প্রডাকশন।