টাঙ্গাইলের মধুপুরে প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের কিশোরীদের ক্ষমতায়ন, অধিকার সচেতনতা বৃদ্ধি এবং আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সংলাপ প্রকল্প” এর উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৫ জুন সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলার জলছত্র শান্তি নিকেতন সভাকক্ষে কারিতাস ইতালিয়ানার অর্থায়নে এবং কারিতাস ময়মনসিংহ অঞ্চলের মধুপুর সংলাপ প্রকল্পের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হোসেন।
এ সময় কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আলোকিত শিশু প্রকল্পের প্রোগ্রাম অফিসার শুভ্রা কুবি'র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, টেলকি মোসলেম উদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আকন্দ, পীরগাছা থাংয়ানি কো-অপারেটিভ ক্রেডিটে ইউনিয়নের পরিচালক মিহির মার্টিন মৃ, প্রকল্পের ফোকাল পার্সন উজ্জ্বল চক্রবর্তী প্রমুখ।
মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন বলেন, প্রত্যন্ত অঞ্চলের কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য ও অধিকার বিষয়ে সচেতন করে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। তিনি প্রকল্প বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
দিনব্যাপী আয়োজিত কর্মশালায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, কমিউনিটি লিডার, প্রকল্পের অংশীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
প্রকল্পের উদ্দেশ্য, কার্যক্রম এবং গ্রামীণ কিশোরীদের জীবনমান উন্নয়নে কারিতাসের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সংলাপ প্রকল্পের ফোকাল পার্সন উজ্জ্বল কুমার চক্রবর্তী।
বক্তারা বলেন, শংলাপ প্রকল্পের মাধ্যমে মধুপুরের প্রত্যন্ত এলাকার কিশোরীরা বাল্যবিয়ে প্রতিরোধ, পুষ্টি, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অধিকার বিষয়ে আরও সচেতন হয়ে উঠবে। পাশাপাশি তাদের নেতৃত্ব বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি হবে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে এলাকার সুবিধাবঞ্চিত কিশোরীদের জীবনমান উন্নয়ন ও টেকসই সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।