বাংলাদেশ দূতাবাস, কুয়েতের বিশেষ সহায়তায় দেশে ফিরেছেন চরম অসুস্থ ও মানবিক সংকটে পড়া নারী কর্মী‌ রেশমা বেগম। গত রোববার (১৪ জুন) জাজিরা এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে তিনি নিরাপদে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন।

দূতাবাস সূত্রে জানা গেছে, কুয়েতে কর্মরত অবস্থায় রেশমা বেগম মারাত্মক অসুস্থ ও বিভিন্ন মানবিক সংকটের মুখোমুখি হন। বিষয়টি দূতাবাসের নজরে আসার পর তার প্রয়োজনীয় সব ধরনের আইনি ও চিকিৎসা সংক্রান্ত সহায়তা নিশ্চিত করা হয়। পরে তাকে সম্পূর্ণ সরকারি প্রক্রিয়ায় দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়। রেশমা বেগমের বিদায়লগ্নে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে দূতাবাসের একজন প্রতিনিধি উপস্থিত থেকে তাকে বিদায় জানান।

কুয়েতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস সাম্প্রতিক সময়ে প্রবাসী বাংলাদেশিদের সুরক্ষায় বেশ কিছু প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে গত ৪ জুন মো. ইমন নামের আরেকজন সংকটে পড়া বাংলাদেশি নাগরিককে প্রয়োজনীয় সহায়তা দিয়ে দেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা করেছিল দূতাবাস।

দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে কুয়েতে বিভিন্ন কারণে অসুস্থ, কর্মহীন ও আইনি জটিলতাসহ মানবিক সংকটে পড়া বেশ কয়েকজন বাংলাদেশিকে চিহ্নিত করে তাদের দ্রুত দেশে প্রত্যাবর্তনে সব ধরনের মানবিক ও প্রশাসনিক সহায়তা অব্যাহত রাখা হয়েছে।