ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে জাতীয়তাবাদী যুবদল। সরকার ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রংপুর মহানগরীর ছয়টি থানা এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ, মশার প্রজননক্ষেত্র ধ্বংসে স্প্রেকরণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে রংপুর মহানগরীর পার্কের মোড় এলাকা থেকে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়। জাতীয়তাবাদী যুবদল রংপুর মহানগর কমিটির উদ্যোগে এবং তাজহাট থানা যুবদলের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিনসহ মহানগর, তাজহাট থানা ও বিভিন্ন ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ।

উদ্বোধনী দিনে ডেঙ্গু মশার প্রজননক্ষেত্র ধ্বংস করতে ড্রেনে ফগার মেশিনের মাধ্যমে স্প্রে করা হয়। পাশাপাশি ফুটপাতের ময়লা-আবর্জনা পরিষ্কার, সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং ডেঙ্গু প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে সর্বস্তরের মানুষকে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। যুবদল নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সরকারি ও দলীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুর মহানগর যুবদল পাড়া-মহল্লায় এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে। সবার সমন্বিত অংশগ্রহণ ও প্রচেষ্টার মাধ্যমেই ডেঙ্গু মশার বিস্তার রোধ, রোগের প্রাদুর্ভাব প্রতিরোধ এবং একটি পরিচ্ছন্ন নগর গড়ে তোলা সম্ভব।

পূর্বঘোষিত সূচি অনুযায়ী আগামী ১৯ সেপ্টেম্বর সকালে হারাগাছ থানা যুবদল ও বিকেলে পরশুরাম থানা যুবদল এই কর্মসূচি পালন করবে। এছাড়া আগামী ২০ সেপ্টেম্বর সকালে কোতোয়ালি থানা যুবদল এবং বিকেলে হাজীরহাট থানা যুবদল একই কর্মসূচি বাস্তবায়ন করবে।

রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ নয়, সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণও জরুরি। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে পরিচ্ছন্ন নগরী গড়ে তুললেই ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। সামাজিক দায়বদ্ধতা থেকেই ডেঙ্গুর বিস্তার রোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।