দেশে সৌর বিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সৌর বিদ্যুৎ খাতের বিভিন্ন যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে বিদ্যমান মোট করভার ১৭ শতাংশ থেকে কমিয়ে মাত্র ১ শতাংশ করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) এনবিআর থেকে ইস্যু করা এক প্রজ্ঞাপনে এই শুল্ক ছাড়ের কথা জানানো হয়, যা পরবর্তী ১৮০ দিন পর্যন্ত কার্যকর থাকবে।
এর আগে ২০২৭ অর্থবছরের বাজেটের প্রজ্ঞাপন অনুযায়ী সৌর বিদ্যুৎ খাতের উপকরণ আমদানিতে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর এবং ২ শতাংশ অগ্রিম আয়করসহ মোট ১৭ শতাংশ করভার ছিল। বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট ও বিদ্যুৎ ঘাটতির প্রেক্ষাপটে সৌর বিদ্যুৎ উৎপাদন দ্রুত সম্প্রসারণের লক্ষ্যে এই সুবিধা আরও বাড়ানো হয়েছে। নতুন সুবিধার আওতায় সৌর বিদ্যুৎ সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে ১ শতাংশের অতিরিক্ত কাস্টমস ডিউটি এবং সমুদয় রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূসক, আগাম কর ও অগ্রিম আয়কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
পূর্বে বাণিজ্যিক আমদানিকারকদের মাধ্যমে সৌর বিদ্যুৎ সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে এই শুল্ক সুবিধা প্রযোজ্য ছিল না। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন শর্তসাপেক্ষে বাণিজ্যিক আমদানিকারকরাও ১ শতাংশ শুল্কের এই সুবিধার আওতায় এসেছেন। এনবিআর মনে করে, শুল্ক-কর সুবিধা বাড়ানোর ফলে সৌর বিদ্যুৎ প্রকল্পের ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে এবং দেশে নতুন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা দ্রুত বাড়ানোর সুযোগ তৈরি হবে। এর ফলে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমে দেশের জ্বালানি নিরাপত্তা এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন আরও সুদৃঢ় হবে বলে আশা করছে সংস্থাটি।