পূর্ব শত্রুতার জেরে গাজীপুরের শ্রীপুরে একটি পুকুরে বিষ প্রয়োগ করে সাড়ে ১৬ হাজার মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এতে স্থানীয় কৃষক ও মৎস্যচাষি বাহরাম বাদশাহর প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে শ্রীপুরের মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামের জগদীশ মোড় এলাকায় এ ঘটনা জানাজানি হয়। ভুক্তভোগী বাহরাম বাদশাহ ওই এলাকার মো. আমিনের কাছ থেকে পুকুরটি ভাড়া নিয়ে মাছ চাষ করছিলেন।
ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি জানান, গত বুধবার বিকেলে পুকুরের মাছে খাবার দেওয়ার পর বৃহস্পতিবার সকালে মাছ মরে ভেসে ওঠার খবর পান তিনি। প্রথমে পুকুরে অক্সিজেন বা গ্যাস সংকট মনে করে ওষুধ প্রয়োগ করা হলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। পর্যায়ক্রমে পুকুরের প্রায় সব মাছ মরে ভেসে উঠতে শুরু করে। দুই মাস পর মাছগুলো প্রায় ৩০ লাখ টাকায় বিক্রির আশা করেছিলেন তিনি। এ পর্যন্ত তার প্রায় ১২ লাখ টাকা খরচ হয়েছে।
পরিকল্পিতভাবে কেউ শত্রুতা করে পুকুরে বিষ প্রয়োগ করেছে বলে অভিযোগ করেন বাহরাম বাদশাহ। এ ঘটনায় তিনি শুক্রবার শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল আলম জানান, অভিযোগের তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।