কোনো বাতিলের সঙ্গে আপস করা হবে না এবং আল্লাহ ছাড়া কারও কাছে মাথা নত করবেন না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি আল্লাহর কাছে তৌফিক কামনা করেছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের উদ্যোগে মাসব্যাপী গণসংযোগ উপলক্ষে আয়োজিত দাওয়াতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, তার জীবন ও মৃত্যু সবকিছুই আল্লাহর হাতে এবং আমানতস্বরূপ। চলার পথে বাধা, সমালোচনা, গালিগালাজ কিংবা জীবন বা অঙ্গহানির ঝুঁকি আসলেও তা হাসিমুখে মোকাবেলা করতে তারা প্রস্তুত। এ দেশ মুক্ত হবে এবং ইনশাআল্লাহ এ দেশে কোরআনের আইন কায়েম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। কওমি মাদ্রাসার দ্বীনি খেদমতকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখা হয় উল্লেখ করে তিনি বলেন, সংসদে কওমি সংশ্লিষ্টদের অধিকারের পক্ষে কথা বলা তাদের বিবেক ও দায়বোধের অংশ।
সমালোচনা ও গালিগালাজকে জীবনের অংশ হিসেবে নিয়ে নবীজির সুন্নাত অনুসরণ করে মানুষকে ক্ষমা করার কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, তিনি মূলত মহান আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার আশায় অন্যদের ক্ষমা করেন। যুব সমাজের উদ্দেশে তিনি বলেন, মনের মধ্যে যৌবনের আকাঙ্ক্ষা ও উদ্যম ধারণ করেই তারুণ্যের শক্তি দিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ড. এএসএম খালিকুজ্জামান। তিনি বলেন, সমাজ পরিচালনা ও রাষ্ট্রের নেতৃত্ব দিতে ভালো মানুষের রাজনীতিতে আসা জরুরি, অন্যথায় সেই জায়গা খারাপ মানুষের দখলে চলে যাবে।