হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪৭৫.৬ গ্রাম (৪০.৭৮ ভরি) স্বর্ণালংকারসহ দুজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
আটককৃত ব্যক্তিরা হলেন, খায়রুল হাসান আকন (২৯), শেখ আরিফুল ইসলাম (৪৬)।
গত ১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে সকাল ৯টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলার বাহির গেটে ওই দুই ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন. এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সুকৌশলে পালানোর চেষ্টা করলে এয়ারপোর্ট এপিবিএন ফোর্স তাদের আটক করে.
আটককৃত ব্যক্তিদের শরীর তল্লাশি করে সর্বমোট ৪৭৫.৬ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়, যার প্রতিটি ২১ ক্যারেট মানের। উদ্ধারকৃত এই স্বর্ণালংকারগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫ লাখ ৬২ হাজার ৪০ টাকা।
জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধারকৃত স্বর্ণালংকারগুলো চোরাচালানের উদ্দেশ্যে বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছিল। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরের স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এ বিষয়ে এয়ারপোর্ট এপিবিএনের পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ নাজির আহমেদ খাঁন জানান, বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে এয়ারপোর্ট এপিবিএন বরাবরের মতোই সক্রিয় ভূমিকা পালন করছে এবং স্বর্ণ ও মাদক চোরাচালান রোধে তারা বদ্ধপরিকর।