মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে তিন সন্তান ও নগদ টাকা-স্বর্ণালংকার রেখে প্রবাসীর স্ত্রীর উধাও হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে প্রবাসীর মা নূর জাহান বেগম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত ছিনথিয়া বেগম (২৮) উপজেলার ধীপুর গ্রামের মো. আলম শেখের দ্বিতীয় কন্যা এবং দুবাই প্রবাসী দ্বীন ইসলাম শিকদারের স্ত্রী। প্রবাসী দ্বীন ইসলামের পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে পারিবারিক সিদ্ধান্তে তাদের বিয়ে হয় এবং এই দম্পতির ঘরে দুটি কন্যাসন্তান ও একটি ছেলেসন্তান রয়েছে।

গত ৩১ জুলাই সকালে ছিনথিয়া বেগম তিন সন্তান রেখে প্রায় ৬ লাখ ২০ হাজার টাকা এবং সাড়ে ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে বাবার বাড়িতে চলে যান। পরবর্তীতে তাকে ফিরিয়ে আনতে গেলে তিনি আসতে অস্বীকৃতি জানান এবং স্থানীয়দের বিষয়টি জানানো হলে তারা কিছুদিন অপেক্ষা করতে বলেন। এর মধ্যেই প্রবাসীর পরিবার জানতে পারে যে, ছিনথিয়া তার স্বামীকে তালাক দিয়েছেন এবং তিনি আর সংসারে ফিরবেন না।

এ বিষয়ে ছিনথিয়ার পিতা মো. আলম শেখ জানান, তিনি তার মেয়েকে অন্য ছেলের সঙ্গে বিয়ে দিয়েছেন।

টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. শামীম আহম্মেদ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।