জুলাই বিপ্লবের সময় সংঘটিত হত্যা মামলা, অর্থ আত্মসাৎ এবং চেকের মামলার পলাতক আসামি ও বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য মেহেদী হাসান রেজাকে গ্রেপ্তার করেছে উত্তর খান থানা পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) রাতে উত্তর খান থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে উত্তর খান এলাকায় জমি বিক্রির কথা বলে একাধিক সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপনে ছিলেন অভিযুক্ত মেহেদী হাসান রেজা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়া বিভিন্ন লোকজনের সঙ্গে প্রতারণা করে অর্থ আত্মসাৎ এবং চেক জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।
দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে তাকে আজই আদালতে সোপর্দ করা হবে।