ইউনাইটেড আরব আমিরাতের দুবাইয়ে বসবাসকারী ২৯ বছর বয়সি এক নারী স্টিকি নোটে ভিন্ন ভিন্ন শব্দের মোট ১৫০ শব্দ লিখে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন। পুষ্পাজ্যোথি রাভিকুমার নামের ওই নারী পেশায় একজন সিনিয়র ক্লাউড অফিসার। দুবাইয়ে তিনিই সর্বপ্রথম এই বিরল রেকর্ড গড়লেন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের একটি প্রোগ্রাম দেখে পুষ্পাজ্যোথির মনে হয়েছিল, স্টিকি নোটে সর্বোচ্চ শব্দ লিখে রেকর্ড গড়া তার পক্ষে সম্ভব। নিজের প্রথম প্রচেষ্টাতেই তিনি এই সফলতা অর্জন করেন। তার এক পাতার ওই ছোট্ট নোটের মধ্যে লেখা ১৫০টি শব্দই অত্যন্ত স্পষ্ট এবং সহজে পাঠযোগ্য। লেখার ক্ষেত্রে তিনি সহজ ও তিন অক্ষরের শব্দ নির্বাচন করেছিলেন, যাতে নির্ধারিত জায়গার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যায়। হ্যান্ড-রাইটিং ও ক্যালিওগ্রাফির ওপর তার প্রবল আগ্রহ রয়েছে।

রেকর্ড গড়ার পুরো প্রক্রিয়ার ভিডিওটি পরবর্তীতে ইনস্টাগ্রামে পোস্ট করা হলে তা দ্রুত ভাইরাল হয় এবং প্রায় ১ মিলিয়ন দর্শকপ্রিয়তা লাভ করে। এ বিষয়ে পুষ্পাজ্যোথি বলেন, “এই ভিডিওটি আমার পরিবার, বন্ধু ও কলিগদের অনুপ্রাণিত করেছে। অনেকে আমার এই কাজের প্রশংসা করেছেন এবং এ সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন।” ভবিষ্যতে নিজের রেকর্ড নিজেই ভাঙার ব্যাপারে তিনি আশাবাদী।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডকে প্রতিভা প্রকাশের একটি চমৎকার প্ল্যাটফর্ম উল্লেখ করে তিনি আরও বলেন, “এই কাজ কারোর কাছে খুব সাধারণ মনে হতে পারে; তবে এই অর্জন আমাকে ভেতর থেকে শক্তি ও সাহস জুগিয়েছে এবং আমার সক্ষমতাকে নতুনভাবে প্রমাণ করেছে।”