টাঙ্গাইলের মধুপুরের পাহাড়িয়া এলাকার নিভৃত পল্লীতে শুরু হতে যাচ্ছে এক ঐতিহাসিক আধ্যাত্মিক অধ্যায়। এবার হলদিয়া গ্রামে নির্মিত হতে চলেছে নান্দনিক স্থাপত্য শৈলীর ১০১ গম্বুজ বিশিষ্ট মসজিদ।
শুক্রবার (২১ আগস্ট) বাদ জুমা উপজেলার হলদিয়া গ্রামে আবু হানিফ পীর সাহেবের মধুপুর দরবার শরীফে এই ১০১ গম্বুজ মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মধুপুর উপজেলার নির্বাহী অফিসার সাইফুল ইসলাম।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন। এতে বক্তব্য রাখেন ভারত থেকে আগত পীরে কামেল সাইয়েদ আল্লামা গোলাম নিজাম নিজামী, মসজিদের উদ্যোক্তা সায়খুল মাশায়েক আলহাজ আবু হানিফ পীর মধুপুরী এবং মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালেব হোসেন প্রমুখ।
এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, লাল মাটির মধুপুরের পাহাড়িয়া এলাকার এই নিভৃত পল্লীতে ১০১ গম্বুজের এই মসজিদটি একটি অনন্য নিদর্শন হয়ে থাকবে। আগামী দিনে এই মসজিদে ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদতের সুযোগ পাওয়ার পাশাপাশি এটি ভবিষ্যতে দেশের একটি দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী হিসেবেও দেশজুড়ে খ্যাতি অর্জন করবে।