কলকাতার নিউমার্কেট এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী জানান, ভুক্তভোগী পরিবারগুলো যদি চায়, তবে মরদেহ দেশে আনার যাবতীয় খরচ বহন করবে বাংলাদেশ সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত মোট ৯ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৫ জনই বাংলাদেশি নাগরিক। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, নিহত বাংলাদেশিদের মধ্যে সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমীন, তাদের ছেলে শর্ণশিষ দত্ত এবং দেবাশীষের শ্বশুর আকরাম আলী একই পরিবারের সদস্য। নিহত অপর বাংলাদেশির নাম আহমেদ বাবু, যার বাড়ি সাভারের আমিনবাজার বেগুনবাড়িতে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, দুর্ঘটনার পরপরই কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ছয়জন বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
নিহতদের মরদেহ দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে পৌঁছাতে সরকারের পক্ষ থেকে সব ধরণের প্রশাসনিক সহায়তা প্রদান করা হচ্ছে বলেও জানান শামা ওবায়েদ।