চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহর মৃত্যুর ঘটনায় পরিকল্পিত হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার (৯ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন।
এর আগে সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে সিআইডির কাছে হস্তান্তর করে। বিকেলে বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিহিত অবস্থায় কড়া নিরাপত্তায় তাকে আদালতে হাজির করা হয়। আসামিপক্ষে কোনো আইনজীবী না থাকায় এবং তদন্তে বিঘ্ন ঘটার আশঙ্কায় সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে গত বছর বাদীপক্ষের রিভিশন মঞ্জুর হলে আদালত মামলাটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এরপর রমনা থানায় সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর বাদী হয়ে সালমান শাহের স্ত্রী সামীরা হক, আজিজ মোহাম্মদ ভাই ও খলনায়ক ডনসহ ১১ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ আগস্ট দিন ধার্য রয়েছে।