ঠাকুরগাঁওয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৭২ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) মধ্যরাতে ঠাকুরগাঁও সদর থানার চিলারং ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রুহিয়া থানার ঘনিবিষ্টপুর গ্রামের মো. এরশাদ (৩২), ঠাকুরগাঁও সদর থানার হরিহরপুর গ্রামের মো. জেমস (৩০) এবং রুহিয়া থানার ঘনিবিষ্টপুর গ্রামের মো. আবুল কালাম আজাদ (৪২)।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পল্লী বিদ্যুৎ থেকে রুহিয়াগামী সড়কের পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

জেলা ডিবি পুলিশের ওসি গোলাম রসুল জানান, মাদক ও অনলাইন ক্যাসিনোর মতো অপরাধের বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের আইনের আওতায় আনতে ডিবি পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।