আগামী ৬ আগস্ট (বৃহস্পতিবার) একদিন ছুটি নিলেই সরকারি কর্মচারীদের টানা চার দিন ছুটি পাওয়ার গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলেও জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, বাস্তব চিত্রটি ততটা সরল নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে, ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’-এর সাধারণ ছুটির পরদিন ৬ আগস্ট বৃহস্পতিবার একদিন নৈমিত্তিক বা অর্জিত ছুটি নিলে ৫ আগস্ট এবং ৭ ও ৮ আগস্টের সাপ্তাহিক ছুটি মিলিয়ে চার দিনের ছুটি পাওয়া যাবে। একইভাবে ২৭ আগস্ট ঈদে মিলাদুন্নবীর পরের দিন বৃহস্পতিবার ছুটি নিলেও এমন সুযোগের প্রচার চলছে।

তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগের কর্মকর্তারা বলছেন, সরকারি ছুটি বিধিমালা অনুযায়ী মাঝখানের কর্মদিবসে অর্জিত ছুটি নিলে আগে বা পরের সংযুক্ত ছুটির যেকোনো একটি অংশও অর্জিত ছুটি হিসেবে গণনা করা হয়। অর্থাৎ, ৬ আগস্ট ছুটি নিলে শুধু ওই একদিন নয়, এর সঙ্গে যুক্ত ছুটির একটি পর্বও কর্মচারীর বার্ষিক অর্জিত ছুটির হিসাব থেকে কেটে যায়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিধি অনুবিভাগ) মো. মোস্তফা জামান জানান, ছুটির বিষয়ে যেভাবে প্রচার করা হচ্ছে বিষয়টি সেরকম নয়; সংযুক্ত ছুটির একটি অংশ পাওনা অর্জিত ছুটির হিসাবেই কাটা পড়ে। এছাড়া গণহারে এ ধরনের ছুটি মঞ্জুর করা হয় না এবং হিসাবের দিক থেকে লাভের চেয়ে ছুটির দিন কেটে যাওয়ার লসের আশঙ্কায় খুব কম সংখ্যক কর্মচারীই এভাবে ছুটি নেন।