চট্টগ্রাম নগরসহ সারা দেশে চলমান তীব্র গ্যাস সংকট দ্রুত নিরসন, আবাসিক ও শিল্পখাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত এবং এলপিজি ও অটোগ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর শাখা।

সোমবার (৩ আগস্ট) এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম এবং সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমিন।

বিবৃতিতে নেতারা বলেন, চট্টগ্রামসহ সারা দেশে দীর্ঘদিন ধরে চলা গ্যাসের স্বল্পচাপ ও অনিয়মিত সরবরাহ জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। সকাল ও সন্ধ্যায় গ্যাস না থাকায় কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, নারী ও গৃহিণীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে শিল্পকারখানা, সিএনজি স্টেশন ও হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে, যা উৎপাদন ও ব্যবসা-বাণিজ্যে বড় বাধা সৃষ্টি করছে।

নিয়মিত গ্যাস বিল পরিশোধ করেও গ্রাহকরা নিরবচ্ছিন্ন সেবা পাচ্ছেন না উল্লেখ করে নেতারা বলেন, এই সংকটের মধ্যে এলপিজি ও অটোগ্যাসের মূল্য বৃদ্ধি জনজীবনকে আরও দুর্বিষহ করে তুলবে। এই সিদ্ধান্তকে ‘জনবিরোধী ও অযৌক্তিক’ আখ্যা দিয়ে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তারা।

নেতারা আরও বলেন, এলপিজির দাম বাড়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর নতুন করে অর্থনৈতিক চাপ তৈরি হবে। পাশাপাশি অটোগ্যাসের দাম বাড়ার ফলে পরিবহন খরচ বৃদ্ধি পাবে, যার বিরূপ প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও।

জ্বালানি সংকট সমাধানে সরকারের প্রতি কয়েকটি সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরে বিবৃতিতে বলা হয়—গ্যাস সরবরাহ, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে আধুনিকায়ন করা। গ্যাসের অপচয়, অবৈধ সংযোগ ও সিস্টেম লস বন্ধে কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়া।আবাসিক, বাণিজ্যিক ও শিল্পখাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির এই সময়ে জনগণের দুর্ভোগ বিবেচনা করে অবিলম্বে এলপিজি ও অটোগ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা ও প্রত্যাহারের জোরালো দাবি জানান জামায়াত নেতারা।