যাত্রী সাধারণের যাতায়াত আরও সহজ করতে গাজীপুরের কালীগঞ্জ দেওপাড়া থেকে গুলিস্তান পর্যন্ত নতুন বাস সার্ভিস চালু করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট ২০২৬) সকালে কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া ফেরীঘাট এলাকায় ফিতা কেটে এই বাস সার্ভিসের উদ্বোধন করেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন এবং কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন বলেন, মহাসড়কে তিন চাকার যান ও অবৈধ যানবাহন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের যাতায়াতের কথা বিবেচনা করে এই KTL বাস সার্ভিস চালু করা হয়েছে। রাস্তায় চলাচলের সময় এই সম্পদের সুরক্ষায় তিনি সকলকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম বলেন, মহাসড়কে অটোরিকশা ও ইজিবাইক চলাচল করতে পারবে না, এগুলো শুধুমাত্র শাখা রোডে চলাচল করবে। এসব যানবাহন থেকে কেউ কোনো ধরনের চাঁদা আদায় করতে পারবে না এবং চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কালীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে জানানো হয়, এই রুটে প্রাথমিকভাবে ২০টি বাস কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া ফেরিঘাট থেকে টঙ্গী হয়ে গুলিস্তান পর্যন্ত চলাচল করবে। যাত্রীর সংখ্যা বিবেচনা করে পরবর্তীতে বাসের সংখ্যা আরও বাড়ানো হতে পারে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে কালীগঞ্জ ট্রান্সপোর্ট লিমিটেড (KTL)-এর চেয়ারম্যান সাদ্দাম হোসেন মোড়ল আবেগাপ্লুত কণ্ঠে কালীগঞ্জ-গুলিস্তান রোডে KTL-এর প্রতিষ্ঠাতা ও তাঁর পিতা মোস্তফা মোড়লকে স্মরণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন, কালীগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, উপজেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি নায়েবুর রহমান মাসুদ (ভিপি), প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।