গত ১৭ বছরের শাসনকালের তুলনায় বর্তমান সরকারকে অনেক ভালো হিসেবে দেখছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো গুম, খুন ও দুর্নীতির ঘটনা ঘটছে না বলে মন্তব্য করেছেন তিনি।

বুধবার (২৯ জুলাই) বিকেলে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের লঞ্চঘাট সংলগ্ন সিসি ব্লক ধস কবলিত এলাকা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার পার্থ বলেন, "পত্রিকার পাতায় এখন আর গুম, খুন, ব্যাংক লুট, অদৃশ্য মামলা বা হয়রানির খবর দেখতে পাওয়া যায় না। ভোলাতে আমার এখানে কেউ বলতে পারবে না যে গত সাড়ে চার মাসে প্রতিপক্ষের বিরুদ্ধে কোনো হয়রানিমূলক মামলা, চাপ সৃষ্টি বা দুর্নীতি করা হয়েছে।" তিনি আরও বলেন, আগের যেকোনো সময়ের সঙ্গে বর্তমান সময়ের কোনো তুলনাই চলে না, কারণ সরকার আন্তরিকভাবে দুর্নীতির বিরুদ্ধে কাজ করে যাচ্ছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মারামারির পুরোনো রাজনৈতিক সংস্কৃতি থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। রাজনীতিতে অশালীন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে হবে এবং সবাইকে রাজনৈতিক সহনশীলতা ও ধৈর্য ধারণ করতে হবে।

মেঘনা নদীর ভাঙন প্রসঙ্গে ভোলা শহর রক্ষা বাঁধের সুরক্ষায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন এই সংসদ সদস্য। এছাড়া নদী ভাঙন রোধসহ ভোলার সার্বিক উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে বলেও জানান তিনি।

এর আগে বুধবার দুপুরে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেন এমপি পার্থ। এ সময় তিনি ওয়ার্ডে ঘুরে ঘুরে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। পাশাপাশি রোগীদের যথাযথ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনা দেন তিনি।

পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল কুমার দাস, ভোলা জেলা বিজেপি সভাপতি আমিনুল ইসলাম রতন ও সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহসহ দলীয় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।