চলতি বছরের মধ্যেই স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন শুরু করতে সরকার ইচ্ছুক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তথ্য উপদেষ্টা বলেন, সরকারের সিদ্ধান্ত হচ্ছে চলতি বছরের মধ্যেই নির্বাচন প্রক্রিয়া শুরু করা। তবে ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনসহ বিপুলসংখ্যক স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন একসঙ্গে সম্পন্ন করা সম্ভব নয় বিধায় তা ধাপে ধাপে আয়োজন করতে হবে। নির্বাচন শুরু হওয়ার পর দেশের সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোটগ্রহণ শেষ করতে প্রায় এক বছর সময় লাগতে পারে বলেও জানান তিনি।
অক্টোবরের মধ্যে নির্বাচন শুরু হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কি না—এমন এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, নির্বাচন কমিশন সুনির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করবে। তবে এই বছরের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শুরু করার বিষয়ে সরকারের নীতিগত প্রতিশ্রুতি এখনও বহাল রয়েছে।